এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইপর্ব খেলতে আজ রাতে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ অ-২০ ফুটবল দল। তবে দেশ ছাড়ার আগের প্রথাগত সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়কের অনুপস্থিতিকে কেন্দ্র করে চরম হট্টগোল ও বাফুফে কর্মকর্তাদের তোপের মুখে পড়ার ঘটনা ঘটেছে।
বিকেলের সংবাদ সম্মেলনে শুধু ম্যানেজার সামিদ কাশেম ও টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু উপস্থিত থাকায় সাংবাদিকদের কড়া সমালোচনার মুখোমুখি হন তারা।
কোচ ও কোনো খেলোয়াড় কেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেই—এমন প্রশ্নের জবাবে সামিদ কাশেম জানান, ফ্লাইট জটিলতায় দল একাধিক গ্রুপে ভাগ হয়ে উজবেকিস্তান যাচ্ছে এবং খেলোয়াড়দের মনোযোগ যেন বিঘ্নিত না হয়, সে জন্যই তাদের আনা হয়নি। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ম্যানেজার হিসেবে তিনি দুঃখ প্রকাশ করেন।
এদিকে সফরের ঠিক আগেই ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যকার হাতাহাতি এবং হোটেলে পুলিশ ডাকার ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শৃঙ্খলাভঙ্গের তীব্র অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ধরনের তদন্ত ও শাস্তি ছাড়াই দুই কোচকেই উজবেকিস্তান পাঠানো হচ্ছে। সফরের আগে দলে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে এবং তথ্য পেতে দেরি হওয়ায় তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়নি বলে দাবি করেন ম্যানেজার।
একই সঙ্গে কোচের পক্ষ থেকে লিখিত জানানোর তারিখ নিয়ে টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুর বক্তব্যে অসঙ্গতি দেখা দেওয়ায় তিনিও তোপের মুখে পড়েন। কোচ-অধিনায়কের অনুপস্থিতিতেই টেকনিক্যাল ডাইরেক্টর দলের প্রস্তুতি ভালো বলে জানান এবং ম্যানেজার সামিদ কাশেম চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করার আশা প্রকাশ করে সংবাদ সম্মেলন শেষ করেন।
সময়ের আলো/টিকে