সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। সাক্ষাতে নির্বাচন কমিশনের কার্যক্রম ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সিইসি বলেন, নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে ভোট হতে পারে। এজন্য আমরা বার্ষিক পরীক্ষা অ্যাডজাস্ট করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে বলবো। আমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত। বিধিমালা ভেটিং হয়ে এসে গেছে। এখন শুরু গেজেট করা বাকি। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে এসে সচিবকে আমি বলেছি সার্বিক প্রস্তুতি নেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আইন-শৃঙ্খলার বিষয়টি সমন্বয় করছেন ঠাঁকুরগাও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় নির্বাচন নিয়ে। তিনি সমন্বয়ের মিটিংগুলো শুরু করবেন।
স্থানীয় নির্বাচনে তফসিলের বিষয়ে সিইসি বলেন, ডেট ফিক্সড করার বিষয়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। যেমন বন্যা হয়েছে, আমি কি করবো। এরপর দুর্গাপূজা, এর মধ্যে নির্বাচন দিলে তো সমস্যা হয়ে যায়। এরপর পরীক্ষা আছে। এটা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে অ্যাডজাস্ট করতে হবে। তবে এ বছরের মধ্যে শুরু করতে হবে। আবার উপ-নির্বাচনও করতে হবে ঠাকুরগাঁওয়ে। কাজেই আমরা হয়তো সেপ্টেম্বরে তফসিল দিতে পারি। সেপ্টেম্বরের মধ্যে তফসিল দিলে কিছু কিছু এই বছর করতে পারবো। বাকিগুলো আগামী বছর করতে হবে। আবার ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে।
এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, গতবার ছয়টা ধাপে হয়েছে। প্রথম ধাপে ১ জুন ৩ শতাধিক ইউপিতে ভোট হয়েছে। আমরা সেভাবেই হতো চিন্তা করবো। পার্বত্য ও বন্যাপ্রবণ এলাকাগুলোতে ড্রাই সিজনে করতে হবে। শীতকাল হচ্ছে ইলেকশনের মৌসুম।
তিনি আরও বলেন, কনজ্যুমার সভরেনটি বলে একটা বিষয় আছে। কনজ্যুমার যেটা চায় সেটা করতে হবে। আমি এখানে ভোটার সভরেনটি চাই। আমাদের কমিটমেন্ট ইজ টোটাল। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে পারবো। আমরা ভোটার সভরেনটি এস্টাবলিস্ট করার জন্য যা যা করা দরকার করবো। আইনগত বিষয়টা কমপ্লাই করতে গেলে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করতে হবে।
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে ছিলেন-নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বিদেশ সফরে থাকায় সাক্ষাতে উপস্থিত হতে পারেননি। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এটি নির্বাচন কমিশনের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।
সময়ের আলো/টিকে