আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ইন্দোনেশিয়ায় পর্দা উঠতে যাচ্ছে 'ফিফা আসিয়ান কাপ ২০২৬' টুর্নামেন্টের। প্রথমবারের মতো ফিফার স্বীকৃত কোনো চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
মর্যাদাপূর্ণ এই আসিয়ান মিশনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে রাজধানীর এক শীর্ষ অভিজাত হোটেলে জাতীয় দলের আবাসিক ক্যাম্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ফিফা আসিয়ান কাপের জন্য জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন। প্রথম দিনে নির্ধারিত সময়ের মধ্যে ১৮ জন ফুটবলার রিপোর্ট করেছেন। প্রাথমিক সংশয় কাটিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মোট নয়জন ফুটবলারও গতকাল সন্ধ্যায় ক্যাম্পে যোগ দেন। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলের সাথে প্রথম দিন উপস্থিত হতে পারেননি এক নম্বর গোলরক্ষক মিতুল মারমা।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জানান, মিতুল মারমার স্ত্রী অসুস্থ থাকার কারণে পরিবারকে সময় দিতে তিনি বাফুফের কাছে কিছু দিন সময় চেয়েছিলেন। কোচ থমাস ডুলি তাঁর আবেদনে সাড়া দিয়েছেন। পারিবারিক এই সংকট কেটে গেলেই খুব দ্রুত তিনি শিবিরে যোগ দেবেন।
অন্যদিকে, ফুটবলারদের ছেড়ে দেওয়া নিয়ে ক্লাব ও বাফুফের মধ্যে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও পরবর্তীতে তা কেটে যায়। মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া স্পষ্ট জানিয়েছেন, জাতীয় স্বার্থের বিষয়টি তারা সবসময় প্রাধান্য দেন এবং ফেডারেশনের অফিসিয়াল চিঠি পাওয়ার পরই খেলোয়াড়দের ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বিকেল থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের মাঠের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে মূল পর্বে খেলতে ইন্দোনেশিয়া উড়াল দেওয়ার আগে কদিন জাতীয় স্টেডিয়ামেও অনুশীলনের প্রস্তুতি রাখা হয়েছে।
সময়ের আলো/টিকে