কক্সবাজারে মদের বারে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সালমান নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নাজিবুল হক রাশেদ নামের আরেক যুবক নিহত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সালমান শহরের বিজিবি ক্যাম্প এলাকার এবং নাজিবুল হক রাশেদ নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।
বার কর্তৃপক্ষ ও পুলিশের তথ্য অনুযায়ী, নিহত রাশেদসহ কয়েকজন যুবক বারে বসে মদ পান করছিলেন। এ সময় হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে উভয়পক্ষের আরও কয়েকজন এতে যোগ দিলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। প্রথমে তাজওয়ার হক রাদির নেতৃত্বাধীন পক্ষ রাশেদকে ছুরিকাঘাত করে। এ সময় ঝগড়া থামানোর ও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন সালমান। কিন্তু নিহত রাশেদের লোকজন ভুলবশত বা ক্ষোভে প্রথম দফায় বারের সামনেই সালমানকে বেধড়ক পিটিয়ে আহত করে।
এরপর তারা সালমানকে পেটাতে পেটাতে ফিশারীঘাট এলাকায় নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে, ছুরিকাঘাতে গুরুতর আহত রাশেদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম জানান, বারটি সম্পূর্ণ অনুমোদনবিহীনভাবে পরিচালনা করা হচ্ছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
সময়ের আলো/জোই