বেসরকারি শিক্ষকদের সুযোগ-সুবিধা ও বেতন কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ)। সংগঠনটির নেতারা বলেছেন, বৈষম্য ও বর্তমান পরিস্থিতির কারণে বেসরকারি শিক্ষকরা সমাজের সামনে ‘বেদরকারি’ শিক্ষক হিসেবে দাঁড়িয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শিক্ষাখাতে সুশাসন, নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ)।
বক্তারা বলেন, এখনো একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন শুরু হয় মাত্র সাড়ে ১২ হাজার টাকা দিয়ে। এই অর্থে বর্তমান সময়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) পাশ কাটিয়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়ার উদ্যোগেরও সমালোচনা করেন তারা।
তারা বলেন, সরকারের এমন উদ্যোগ আমরা বন্ধ করতে পেরেছি। কিন্তু এ ধরনের উদ্যোগ আমাদের সব সময় শঙ্কার মধ্যে রাখে। আমরা জবাবদিহিতা চাই।
বক্তারা আরও বলেন, সরকার পে-স্কেল ঘোষণা করবে। কিন্তু শিক্ষকদের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো আলোচনা নেই। পে-স্কেলের বিষয়ে মন্ত্রী শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কথা বলেছেন এবং কম-বেশি হওয়ার ইঙ্গিত দিয়েছেন। আমরা কম শুনতে চাই না, বেশি শুনতে চাই।
আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকার এমপিওভুক্ত শিক্ষক, বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষক এবং এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে