নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ১৮৭ পর্যটককে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বুধবার দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ ভূমিধসের পর শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
নেপাল-চীন সীমান্তের উভয় পাশে এখনো প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার হওয়া ১৮৭ পর্যটকের মধ্যে ১১৪ জন ভারতীয়, ২৭ জন চীনা এবং ২০ জন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের নাগরিক।
নেপাল ট্যুরিজম বোর্ডের প্রকাশিত এক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখনো অন্তত ৪২০ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।
এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। শনিবার নেপাল পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিপর্যয়ের পর ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। ভয়াবহ স্রোত ও ভূমিধসে বিভিন্ন এলাকা তছনছ হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির ব্যাপকতা নিয়ে হতবাক স্থানীয় বাসিন্দারা।
সময়ের আলো/কেএইচ