গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি বসতবাড়ি। এ সময় বাড়ি দুটির আসবাবপত্রসহ ঘরে থাকা বিভিন্ন মালামালও পুড়ে যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার নন্দীচালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় রাধাবল্লব মালো ও অর্জুন মালোর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে দুটি বসতবাড়িসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান বলেন, এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার কোনো সংবাদ তার জানা নেই।
সময়ের আলো/এসএকে