ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে মুখে টেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ওপর থেকে প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহটির পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল শার্ট ও লুঙ্গি ছিল। তার পরিচয় এখনো জানা যায়নি। আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পরে কোনো একটি গাড়ি থেকে তার মরদেহ ফেলে দেওয়া হয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা থাকা সত্ত্বেও মরদেহটি কীভাবে সেখানে এলো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশের ধারণা, মরদেহ ফেলার স্থানটি ক্যামেরার আওতার বাইরে ভেবে পরিকল্পিতভাবে সেখানে লাশটি ফেলে রাখা হয়ে থাকতে পারে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
সময়ের আলো/এমকে