বয়স জালিয়াতির দায়ে ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ ৬৫ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। নিষিদ্ধদের তালিকায় সম্প্রতি ভারতের যুব দলের হয়ে খেলা লেগ স্পিনার রোহিত যাদবও রয়েছেন।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক-মৌসুমে খেলোয়াড়দের নথিপত্র যাচাই করতে গিয়ে বয়সসংক্রান্ত অনিয়মের বিষয়টি সিএবির নজরে আসে। রোহিতকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার জন্মতারিখের ক্ষেত্রে ২৭ মাসের গরমিল পাওয়া গেছে। এমনকি তার নামে ২০০৭, ২০০৯ ও ২০১০ সালের জন্মতারিখ উল্লেখ করে তিনটি আলাদা জন্মনিবন্ধন সনদও পাওয়া গেছে।
প্রতিবেদনের সবচেয়ে আলোচিত নাম রবি কুমার। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তার বয়সের নথিতে ৪০ মাসের বেশি অসঙ্গতি পাওয়া গেছে। ফলে অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটে তার সব পরিসংখ্যান বাতিল করা হয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করা রোহিতকে অস্ট্রেলিয়ার যুব দলের বিপক্ষে আসন্ন সিরিজের দল থেকেও বাদ দেওয়া হয়েছে। তার নিষেধাজ্ঞার বিষয়টি বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য সংস্থাকে জানানো হয়েছে।
বয়স জালিয়াতি ঠেকাতে বিসিসিআই আগে থেকেই কঠোর ব্যবস্থা নিয়ে আসছে। বর্তমানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বয়স যাচাইয়ের জন্য জন্মনিবন্ধনের পাশাপাশি স্কুল-কলেজের নথিও জমা দিতে হয়।
সময়ের আলো/এমকে