চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মা, নানি ও মামানীর চোখের সামনেই রাস্তা পার হতে গিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় জান্নাতুল (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ডম্বলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের টাইলস মিস্ত্রি মামুন আলীর মেয়ে। সে বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে মেজো। প্রায় ৯ দিন আগে মা ডালিয়ার সঙ্গে ডম্বলপুর গ্রামে নানা সের আলীর বাড়িতে বেড়াতে এসেছিল সে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মা ডালিয়া, নানি ও মামানীর সঙ্গে বাড়ির পাশের সড়কের ওপারে রশিদুলের বাড়িতে ছিন্নি খেতে যায় জান্নাতুল। খাওয়া শেষে বাড়ি ফেরার সময় মহাসড়ক পার হওয়ার প্রস্তুতি নেয় সে। এ সময় রাস্তার দিকে উঁকি দিয়ে কোনো গাড়ি আসছে কি না দেখতে গেলে কুষ্টিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়।
অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। মুহূর্তেই মা, নানি ও মামানীর চোখের সামনে ঘটে যায় হৃদয়বিদারক এ দুর্ঘটনা। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মিরপুর উপজেলার সুরসুরি বাজার এলাকায় স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্সটি আটক করেছে বলে জানা গেছে।
জানা গেছে, জান্নাতুলের বাবা মামুন আলী পেশায় টাইলস মিস্ত্রি। তিনি চট্টগ্রামে টাইলসের কাজ করেন। প্রায় ১২ দিন আগে বাড়িতে এসে সন্তানদের সঙ্গে দেখা করে আবারও কর্মস্থলে ফিরে যান। বাবার কর্মস্থলে ফিরে যাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই আদরের মেয়ের এমন করুণ মৃত্যুর খবর পেতে হলো তাকে।
নানি সের আলী জানান, বাড়ির পাশেই রাস্তার ওপারে রশিদুলের বাড়িতে মা, নানি ও মামানীর সঙ্গে ছিন্নি খেতে গিয়েছিল জান্নাতুল। খাওয়া শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার জন্য উঁকি দিয়ে গাড়ি আসছে কি না দেখছিল। এমন সময় একটি অ্যাম্বুলেন্স এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দ্রুত ক্লিনিকে নিয়ে গেলেও চিকিৎসক জানায়, জান্নাতুল আর বেঁচে নেই। পরে শুনেছি, অ্যাম্বুলেন্সটি সুরসুরি বাজারে আটক করা হয়েছে।
এ ঘটনায় ডম্বলপুর ও মাজু গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সকলের আদরের ছোট্ট জান্নাতুলকে হারিয়ে শোকে পাগলপ্রায় তার নানি-দাদি। মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা ডালিয়া; মেয়ের কথা বলতে বলতে মাঝেমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ডম্বলপুর এলাকায় নানা বাড়ির পাশে সড়ক পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি ডাউকি ইউনিয়নের মাজু গ্রামে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আতা