মাদকসেবন যুবক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে : সমাজকল্যাণ মন্ত্রী

হিলি প্রতিনিধি

সারাদেশ

মাদক একটি জাতিকে ধ্বংস এবং একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। মাদকসেবন যুবক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ পুরোপুরি নষ্ট করে দিচ্ছে।

2026-09-05T08:21:47+00:00
2026-09-05T08:22:22+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদকসেবন যুবক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে : সমাজকল্যাণ মন্ত্রী
হিলি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ এএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৮:২২ এএম
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো
মাদক একটি জাতিকে ধ্বংস এবং একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। মাদকসেবন যুবক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। যারা মাদকের ব্যবসা ও সেবন করে কিংবা অনলাইনে ও অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথগামী করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement
পরে উপজেলা পরিষদ হলরুমে মহিলা ও শিশু বিষয়ক, কৃষি এবং মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার সবসময় জনগণের পাশে থাকতে চায়। নির্বাচনের আগেও আমরা বলেছিলাম, আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। কে কী বলল আর কোথায় জায়গা-জমি দখল করল— এসব বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনি ও আমি বাস্তবে কী পেলাম, সেটাই দেখার বিষয়।


মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের ১০ হাজার টাকার নগদ চেক দিচ্ছে। শিক্ষার্থীরা ব্যাংকে গিয়েই এই টাকা তুলতে পারবে, কাউকে এক টাকাও ঘুস দিতে হবে না। এছাড়া, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলার জলাশয়গুলোতে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে—যা সরকারের মাত্র সাড়ে পাঁচ মাসের কার্যকালেই আপনারা দেখতে পাচ্ছেন। দেশের মানুষের কথা চিন্তা করে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা সবাই কাজ করে যাচ্ছি। তবে আপনাদের কথা দিতে হবে যে, আমাদের পাশে থেকে সহযোগিতা করে সমাজ থেকে মাদক নির্মূল করবেন।

মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্যায়কারী যত শক্তিশালীই হোক না কেন, তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যায়ের শক্তি সাময়িকভাবে প্রভাব বিস্তার করতে পারলেও সত্য ও ন্যায়ের কাছে তা শেষ পর্যন্ত পরাজিত হয়। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো অপরাধী সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন এবং উপজেলা পরিষদ চত্বরের পুকুরে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া শতাধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার, দুস্থ ও অসহায় ৬২ জন নারীর মাঝে অনুদানের চেক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সার্কেল এএসপি হারিছ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তারিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভা শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার হিলির ডাঙ্গা থেকে ফুলবাড়ী মধ্যপাড়া পর্যন্ত রাস্তার কাজের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এর আগে একই দিন সকালে মন্ত্রী দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মিঞা শফিকুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবীরসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাদকসেবন  যুবক  তরুণ প্রজন্ম  ভবিষ্যৎ  সমাজকল্যাণ মন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: