মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। ট্রান্সফরমারটি খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই