আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের কারণে রাগে ক্ষোভে মানুষ অশ্লীল গালি গালাজ করতেও দ্বিধা করছে না। ’
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। লংমার্চটির আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘৩১ দফার স্বপ্ন দেখানো ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকারকারী দলের কার্যক্রমে ইতোমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে।’
এবি পার্টির চেয়ারম্যান প্রশ্ন রাখেন, ‘যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে ওয়াদার বরখেলাপ করে দাম বাড়ায় এবং দলীয়করণ করবে না বলে ব্যাপকভাবে দলীয়করণ করে, জনগণ কীভাবে তাদের বিশ্বাস করবে?’
তিনি আরও বলেন, ‘দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো কোনো সাফল্য নেই।’
মজিবুর রহমান মঞ্জু জনরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর পুরনো রাজনীতি ও গালিগালাজের সংস্কৃতি দুটোই পরিহার করার আহ্বান জানান।
উল্লেখ্য, সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।
সময়ের আলো/মহু