যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা নূর মোহাম্মদ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে বীরশ্রেষ্ঠের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে তার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে অনুষ্ঠিত হয় একটি স্মৃতিচারণমূলক আলোচনা সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জ্যেষ্ঠ পুত্র মোস্তফা কামাল। এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে গিয়ে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করে শহিদ হন। স্বাধীনতা যুদ্ধে তার এই অসামান্য বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সরকারের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।
সময়ের আলো/জোই