ফেনীর ছাগলনাইয়া সীমান্তে জমিতে চাষাবাদ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোশাররফ (৪৫) নামের এক কৃষক আহত হয়েছেন। তার পিঠের বাঁ পাশে গুলি লেগেছে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক।
এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় নিজ জমিতে কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হন। আহত মোশাররফ ওই এলাকার পচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি এসে মোশাররফের পিঠের বাঁ পাশে লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শুক্রবার রাতেই চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন।
নূরুল আলম আশেক জানান, চিকিৎসকেরা মোশাররফের শরীর থেকে গুলির কয়েকটি অংশ সফলভাবে বের করতে পেরেছেন। তবে তার শরীরের ভেতরে আরও কিছু গুলির অংশ রয়ে গেছে।
সময়ের আলো/জোই