জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা আওয়ামী লীগের বয়ানেরই অংশ বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছে বিষয়টি এমন নয়; বরং তারা জুলাই গণ-অভ্যুত্থানকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। যারা জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে চান, তাদের পুরো বয়ানই আওয়ামী লীগের বয়ান।
তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। বিভিন্ন ব্যক্তিকে বাসায় ডেকে জবাই করা, খানকায় জবাই এবং বাউলদের ধরে চুল কেটে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
বাংলাদেশ এখনও সংখ্যালঘুদের জন্য পুরোপুরি নিরাপদ দেশে পরিণত হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। অতীতেও এই অবস্থায় পৌঁছানো সম্ভব হয়নি, বর্তমান সময়েও তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, অনেকে সরকারটিকে কটাক্ষ করে আনন্দ পান। তবে মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না।
গণভোটের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।
সময়ের আলো/এমকে