ইরানকে আর্থিকভাবে দুর্বল করতে এবার তুরস্কের একটি ব্যাংককে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। সরাসরি কোনো ইরানি প্রতিষ্ঠানকে লক্ষ্য না করে ইরানের সঙ্গে আর্থিক লেনদেনে সহায়তার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দফতর তুরস্কভিত্তিক গোল্ডেন গ্লোবাল ইয়াতিরিম ব্যাংকাসি অ্যানোনিম সিরকেটি এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ব্যাংকটি ইরানকে চীন থেকে তুরস্কে তেল বিক্রির অর্থ স্থানান্তরে সহায়তা করেছে। পরে ওই অর্থ নগদ ও স্বর্ণে রূপান্তরের সুযোগ তৈরি করা হয়। একই সঙ্গে ইরানের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানকে জেনেশুনে ব্যাংকিং সেবা দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির বিরুদ্ধে ২০২২ সালে তেল বিক্রির অর্থ পাচারের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এর এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক আউটকাস্ট ঘোষণা করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, যদিও আমরা আশা করি আর কোনো ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন হবে না। তবে তা শেষ পর্যন্ত নির্ভর করে আন্তর্জাতিক সম্প্রদায় কত দ্রুত বোধোদয় ঘটায় এবং এই হত্যাকারী ইরানি শাসনব্যবস্থাকে সমর্থন করা বন্ধ করে তার ওপর।
তিনি আরও বলেন, আমরা জানি তোমরা কারা, আমরা জানি তোমরা কোথায় আছো। আমরা আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে মিলে ততক্ষণ পর্যন্ত পদক্ষেপ নিতে থাকব যতক্ষণ না এই ইরানি সাপের মাথা কবর দেই।
এর আগে ইরানের সঙ্গে আর্থিক সম্পর্কের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনাকারী একটি মিশরীয় ব্যাংককেও লক্ষ্যবস্তু করেছিল ওয়াশিংটন।
সময়ের আলো/এমকে