ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। প্রবাসের সেই শহরেই এবার জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে তার। শুধু দেখা নয়, তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে আড্ডায় মেতেছিলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিনের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো সময়টিকে আনন্দঘন বলেও উল্লেখ করেছেন তিনি।
একই পোস্টে তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লেখেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’
শুধু আড্ডা নয়, তাসকিনের সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
শাবনূর লিখেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’
অভিনেত্রী ও ক্রিকেট তারকার এই সাক্ষাতের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। শাবনূরের প্রকাশ করা ছবিগুলোতেও তাসকিন ও তার পরিবারের সঙ্গে বেশ হাসিখুশি সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে।
সময়ের আলো/জেডি