প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপিকেই অরাজকতাকারী দল হিসেবে আখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে বিরোধীদলের ডাকা লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে, শনিবার রাজধানীর খামারবাড়িতে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে সারজিস আলম বলেন, আজ বিকেলে তারেক রহমান মন্তব্য করেছেন বাংলাদেশে নতুন করে একটি দল ও কিছু মানুষ অরাজকতা শুরু করেছে। তাদের প্রচলিত আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে। আমরা তারেক রহমানকে বলতে চাই, আমরা অরাজকতা শুরু করিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির মধ্য দিয়ে আপনারাই ছয় মাসের লুটপাট শুরু করেছেন। আপনারাই অরাজকতা শুরু করেছেন।
তিনি বলেন, বিগত ১৬ বছর যারা বিভিন্নভাবে মানুষকে ভয় দেখিয়েছে, তাদের পরিণতি থেকে আপনারা শিক্ষা নেওয়া শুরু করুন। যে রাজনীতি আপনারা শুরু করেছেন, বিরোধী দলের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ এখন খায় না।
সারজিস আলম বলেন, যে বিএনপি দল বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিল, সেই দল আমাদের পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। ব্যর্থ সরকার থেকে নসিহত নিয়ে আমাদের রাজনীতি করতে হবে না।
সারজিস আলম আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই চোরাবালিতে পড়ে গেছে। এখন যতই নড়াচড়া করছে, ততই ভেতরের দিকে তলিয়ে যাচ্ছে।
সময়ের আলো/আতা