চট্টগ্রামে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৭

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তায় (ফুটপাত) দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয়

2026-09-06T02:35:59+00:00
2026-09-06T02:35:59+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ৭
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ এএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তায় (ফুটপাত) দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা দেলওয়ার হোসেনসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেলওয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে।

Advertisement
আহত অন্যরা হলেন—ব্যবসায়ী মো. সুমন (৪৫), আব্দুর রহিম (৩৫), ইকবাল কবির (৫০), সাইফুদ্দিন (৩০), শহিদ (৪০) ও আলী হোসেন (৩৫)। তাঁদের কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে চারজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ আলী শপিং কমপ্লেক্সের চলাচলের রাস্তায় দোকান বসানো নিয়ে কয়েক দিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে ইজারাদার পক্ষের বিরোধ চলছিল। শনিবার দুপুরে ওই জায়গায় দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীরা বাধা দেন। পরে বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষ শুরু হয়।

ব্যবসায়ী আলী আহমেদ অভিযোগ করেন, যুবদল নেতা নয়নের নেতৃত্বে কয়েকজন দুপুরে সেখানে দোকান নির্মাণ করতে আসেন। ব্যবসায়ীরা বাধা দিলে তাঁরা চলে যান। পরে বিকেল ৫টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাকির আহমেদ ও যুবদল নেতা আজম খানের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালান। এতে সাত থেকে আটজন আহত হন বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বাজারের ইজারাদার ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাকির আহমেদ। তাঁর দাবি, বাজারের খালি জায়গায় তাঁর দলের কয়েকজন দোকান নির্মাণ করতে গেলে ব্যবসায়ীরা তাঁদের দোকান ভেঙে দেন। পরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই ব্যবসায়ীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।


এদিকে সন্ধ্যায় এনসিপির আনোয়ারা উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ ওঠে। তাঁর দাবি, সংঘর্ষস্থল থেকে কিছুটা দূরে আবুল হোসেন মার্কেট এলাকায় তিনি বসে ছিলেন। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এনসিপির দক্ষিণ জেলা সদস্যসচিব জোবাইরুল আলম মানিকও দাবি করেন, দেলওয়ারকে একা পেয়ে বিএনপির কিছু নেতাকর্মী হামলা করেছেন। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি রাজনৈতিক সংঘর্ষ বলে মনে হচ্ছে না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মার্কেটের ব্যবসায়ী ও ইজারাদারদের মধ্যে দোকান বসানোকে কেন্দ্র করেই মারামারি হয়েছে। এটি রাজনৈতিক দুই পক্ষের সংঘর্ষ—এমন তথ্য এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চট্টগ্রাম  বিএনপি  এনসিপি  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: