বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন চিত্র পল্লী বিদ্যুৎ সমিতির

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় ভিডিও প্রকাশ করেছিলেন গাজীপুরের কলেজছাত্র

2026-09-06T03:04:21+00:00
2026-09-06T03:04:21+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন চিত্র পল্লী বিদ্যুৎ সমিতির
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৪ এএম 
ছবি : সংগৃহীত
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় ভিডিও প্রকাশ করেছিলেন গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ। ওই ভিডিও প্রকাশের পর সমালোচনা শুরু হলে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়। তবে সিফাতের উত্থাপিত অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে ভিন্ন তথ্য পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

সিফাত তাঁর ভিডিওতে দাবি করেন, গত দুই মাসে (জুলাই-আগস্ট) তাঁকে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে। পরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, ‘এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলবো?’

Advertisement
এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিস। উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীরের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে সিফাতের পরিবারের বিদ্যুৎ সংযোগ ও বিলের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাতের বাবা মো. সেকান্দার আলীর নামে গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত দোতলা বাড়িটিতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম মিটারটিতে (মিটার নম্বর : S000433*7) মে মাসে ৪৫ ইউনিট ব্যবহারে বিল আসে ৩১৭ টাকা। জুনে ৫০ ইউনিটে ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটে ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটে ৫১৩ টাকা বিল আসে। চার মাসে এই মিটারে মোট ৩২০ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল হয়েছে ২ হাজার ৩৫৪ টাকা।

দ্বিতীয় মিটারটিতে (মিটার নম্বর : S000218*5) মে মাসে ২৫০ ইউনিট ব্যবহারে বিল আসে ১ হাজার ৮১২ টাকা। জুনে ২০০ ইউনিটে ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটে ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটে ২ হাজার ৩৯৭ টাকা বিল আসে। চার মাসে এই মিটারে মোট ১ হাজার ১৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল হয়েছে ৯ হাজার ৩৮৭ টাকা।

তৃতীয় মিটারটির (মিটার নম্বর : S000424*7) হিসাবে মে মাসে ১২৫ ইউনিটে ৮৪৭ টাকা, জুনে ১২০ ইউনিটে ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটে ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটে ১ হাজার ৩৬২ টাকা বিল আসে। চার মাসে এই মিটারে মোট ৬২৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল হয়েছে ৪ হাজার ৫৩২ টাকা।


পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত প্রতিবেদনের হিসাব অনুযায়ী, মে থেকে আগস্ট—এই চার মাসে সিফাতের বাড়ির তিনটি আবাসিক মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এর বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, তদন্তের সময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের তালিকা সংগ্রহ করতে চেয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে ওই তালিকা দিতে অস্বীকৃতি জানানো হয়। একপর্যায়ে বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সিফাতের বিদ্যুৎ বিলের অভিযোগ মূল্যায়নের ক্ষেত্রে শুধু একটি মিটারের হিসাব বিবেচনা করলে পুরো চিত্র পাওয়া যাবে না। কারণ, তাঁর বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ সংযোগ রয়েছে। ফলে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিনটি মিটারের ব্যবহার, ইউনিট ও বিলের হিসাব একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তদন্ত প্রতিবেদনের হিসাবের সঙ্গে সিফাতের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের পার্থক্য থাকায় তাঁর অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সিফাত আব্দুল্লাহর বক্তব্য এবং তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ নথি প্রকাশ্যে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিফাত  হাজার টাকা  বিদ্যুৎ বিল  অভিযোগ  তদন্ত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: