ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত কৃষক মো. মোশাররফ (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উধাও হয়েছেন। ভর্তি হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর হাসপাতাল থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চমেক হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ক্যাজুয়ালটি বিভাগের ৫ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিলেন মোশাররফ। দুপুরের পর শয্যাটি ফাঁকা পাওয়া যায়। তবে তিনি কোথায় গেছেন, সে বিষয়ে কিছু জানে না হাসপাতাল কর্তৃপক্ষ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোশাররফ ছাগলনাইয়া উপজেলার পূর্ব জয়নগর এলাকার পচা মিয়ার বাড়ির বাসিন্দা। শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় নিজের জমিতে চাষাবাদ করার সময় বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার দুপুরের পর ক্যাজুয়ালটি বিভাগে গিয়ে তাঁর ৫ নম্বর শয্যাটি ফাঁকা পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাঁর চলে যাওয়ার বিষয়ে কোনো তথ্য নেই।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘মোশাররফ ভর্তি হওয়ার পর ওয়ার্ডে কে বা কারা আসা-যাওয়া করছে, তা সব সময় পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। তিনি অপহৃত হয়েছেন, নাকি নিজে হাসপাতাল থেকে চলে গেছেন, তা আমি জানি না।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মোশাররফ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ছাড়পত্র না নিয়েই তিনি হাসপাতাল থেকে চলে গেছেন বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছেন।
ওসি বলেন, ‘অনেক রোগীই ছাড়পত্র না নিয়ে হাসপাতাল থেকে চলে যান।’
বিএসএফের গুলিতে আহত হওয়ার পর মোশাররফের এভাবে হাসপাতাল ছাড়ার বিষয়টি নিয়ে কোনো তদন্ত হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, জানতে হবে।’
সময়ের আলো/এসএকে