ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন দূতদের সঙ্গে পুতিনের বৈঠক, অগ্রগতির ইঙ্গিত নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তিন ঘণ্টার বেশি

2026-09-06T10:38:34+00:00
2026-09-06T10:38:34+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন দূতদের সঙ্গে পুতিনের বৈঠক, অগ্রগতির ইঙ্গিত নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বললেও কোনো বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দেয়নি ক্রেমলিন।

শনিবার মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন তার সহযোগী ইউরি উশাকভ ও বিনিয়োগবিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। উশাকভ জানান, মার্কিন দূতেরা যুদ্ধের সম্ভাব্য সমাধানের বিভিন্ন পথ নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন। তবে সেসব প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

Advertisement
উশাকভ বলেন, পুতিন বৈঠকে জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়া ‘বাস্তব অগ্রগতি’ অর্জন করছে এবং নিজেদের লক্ষ্য পূরণে মস্কো আত্মবিশ্বাসী। একই সঙ্গে সংঘাতের ‘মূল কারণগুলো’ সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।

বৈঠক সম্পর্কে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, আলোচনা ছিল ‘গুরুত্বপূর্ণ ও বিস্তারিত’। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলেও জানান তিনি।

মস্কো সফর শেষে উইটকফ ও কুশনার ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকের শুরুতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধানে অবদান রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব রয়েছে। তবে প্রস্তাবটির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

মার্কিন দূতদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে জানিয়েছিলেন, উইটকফ ও কুশনারের সফরের কারণে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন।

ইউক্রেন যুদ্ধের সমাধানে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে। গত ১০ দিন ধরে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবারও ইউক্রেনের নিরাপত্তা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়।

অন্যদিকে, যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ রাশিয়ার জন্য বাড়াতে গ্রীষ্মজুড়ে দেশটির তেল শোধনাগার, তেল টার্মিনাল ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, সোমবার পর্যন্ত মস্কোতে হামলা না চালানোর জন্য প্রস্তুত কিয়েভ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের অবসান নিয়ে দুই দেশের মধ্যে এখনো সমঝোতা হয়নি।

ক্রেমলিনের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট এখনো ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের লক্ষ্য থেকে সরে আসেননি। বিশেষ করে দোনেৎস্ক অঞ্চলের বাকি অংশ দখল না করা পর্যন্ত যুদ্ধের সম্মুখসীমা নিয়ে কোনো সমঝোতার সম্ভাবনা নেই বলে ওই সূত্র দাবি করেছে।

তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, চলমান অগ্রগতির ধীর গতির কারণে চলতি বছরের মধ্যে রাশিয়ার পুরো দোনেৎস্ক দখলের সম্ভাবনা খুবই কম।

ইউক্রেনও রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়। কিয়েভের মতে, এ ধরনের শর্ত মেনে নেওয়া কার্যত আত্মসমর্পণের শামিল।

এদিকে, রাশিয়া দুই বছর আগে পুতিনের দেওয়া অবস্থান থেকে সরে আসেনি। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার দাবি করা চারটি অঞ্চলের পুরো ভূখণ্ড ইউক্রেনকে ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে— এই অবস্থান এখনো ‘অটল’।


সময়ের আলো/কেএইচ
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: