নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবমহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে এবং জয়নাল ভুঁইয়ার স্ত্রী। তিনি যুব মহিলা লীগ নরসিংদী জেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পৌর পার্কের নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, মাহিয়া মনির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর একটি মামলা রয়েছে। এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দায়েরকৃত আরেকটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর পার্কের নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধঘোষিত দল ও সরকারবিরোধী কার্যক্রমে লিপ্ত ছিলেন। রোববার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই