বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষাকনটেন্ট উন্নয়নে গুগলের সহযোগিতা চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গুগলের একটি প্রতিনিধিদল। দলের নেতৃত্ব দেন গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনার। এ সময় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল গুগল এডুকেশনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, জেমিন-আই একাডেমি ও ক্রোমবুকসহ বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপেরও প্রশংসা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা পরিবর্তনে কাজ চলছে। এ ক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।
তিনি বলেন, শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার বাড়াতে শিক্ষকদেরও দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য ‘ওয়ান টিচার ওয়ান, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বিভিন্ন উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগগুলোর ক্ষেত্রেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, কনটেন্ট ডেভেলপমেন্ট প্রভৃতি ক্ষেত্রেও গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
সময়ের আলো/এমকে