বৈশ্বিক টুর্নামেন্টের বাইরে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ এখন প্রায় অদৃশ্য। বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় আসরেই সাধারণত মুখোমুখি হয় ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এবার সেই চেনা কাঠামোর বাইরে গিয়ে ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় কিংবা চার জাতির একটি সিরিজ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি।
বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বহু বছর ধরেই ভারতকে নিয়ে তিন বা চার জাতির টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি আবারও আলোচনায় আসতে পারে আগামী আইসিসি বৈঠকে।
আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি বিষয়ক সেমিনার। সেখানে ১২টি টেস্ট খেলুড়ে দেশ ও ৮ সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ওই বৈঠকেই ভারত ও পাকিস্তানকে নিয়ে বহুজাতিক সিরিজ আয়োজনের বাণিজ্যিক ও আর্থিক সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, দুই দলের সঙ্গে আরও একটি বা দুটি দল যুক্ত হতে পারে। অর্থাৎ সরাসরি দ্বিপাক্ষিক সিরিজের বদলে ত্রিদেশীয় বা চার জাতির টুর্নামেন্টের মাধ্যমে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পথ খুঁজছে আইসিসি।
এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কও সীমিত হয়ে পড়েছে বৈশ্বিক ও বহুজাতিক টুর্নামেন্টে।
তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে আপত্তি থাকলেও বহুজাতিক টুর্নামেন্টে তাদের বিপক্ষে খেলতে ভারতের সমস্যা নেই। যদিও এমন কোনো আয়োজন বাস্তবায়নের ক্ষেত্রে শেষ পর্যন্ত দুই দেশের সরকারের অনুমোদন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
প্রস্তাবটি অনুমোদন পেলে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই বহুজাতিক সিরিজ। ফলে বিশ্বকাপ বা এশিয়া কাপের অপেক্ষা না করেই আবারও ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ দেখার সুযোগ তৈরি হতে পারে ক্রিকেটপ্রেমীদের সামনে।
সময়ের আলো/টিকে