নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুকুর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক মো. আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিনের সাথে উগ্র আচরণ ও হুমকি দেয়ার অভিযোগে ওই বিএনপি নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের মো. শুকুর আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আল মুজাহিদ মল্লিক বলেন, চাঁদাবাজি ও পুলিশ কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে।
সময়ের আলো/আতা