রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতির নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রপতি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য। তিনি মফস্বল সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।
সভায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতৃবৃন্দ মফস্বল সাংবাদিকদের বিভিন্ন অসুবিধা ও দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এর মধ্যে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভবন সম্প্রসারণ, ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের দাবি জানানো হয়।
সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, সাংবাদিকদের অসুবিধা ও দাবিগুলো পূরণে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই