ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ কৃতিত্বপূর্ণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের সাঁতারুরা। রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক অর্জন করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ, ১৯ কিলোমিটার মহিলা এবং ৮১ কিলোমিটার পুরুষ— এই তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এসব ইভেন্টে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক সাঁতারু অংশগ্রহণ করেন।
৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশ নেন।
বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় মোট ৯ জন সাঁতারু অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ কিলোমিটার ইভেন্টে ৬ জন এবং ৮১ কিলোমিটার ইভেন্টে ৩ জন সাঁতারু অংশ নেন।
প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ স্বর্ণপদক অর্জন করেন। একই ইভেন্টের মহিলা বিভাগে নৌবাহিনীর সাঁতারু সোনিয়া আক্তার রৌপ্যপদক পান।
এ ছাড়া ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনীর সাঁতারু পলাশ চৌধুরী রৌপ্যপদক এবং সেনাবাহিনীর সাঁতারু নুর ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের এ সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তাদের এ অর্জন দেশের সাঁতার অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/ইউএমএইচ