ক্যারিয়ারে তিন দশকেরও বেশি সময় পর করলেও জনপ্রিয়তা কমেনি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর। আগের মতো পর্দায় তার উপস্থিতি না থাকলেও দর্শকরা অপেক্ষা করেন তার নতুন সিনেমার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন একটি গল্প নিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মৌসুমী।
সিনেমাটির নাম ‘এ বিউটিফুল লাই’। এর গল্প, রচনা ও পরিচালনায় রয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর আগেও এই পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন মৌসুমী। বর্তমানে পরিচালক ও অভিনেত্রী দুজনেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সিনেমাটির শুটিংও হবে সেখানে।
সিনেমাটি সম্পর্কে মৌসুমী বলেন, এরই মধ্যে এ বিউটিফুল লাই-এর কাজ হয়তো শুরু হয়ে যেত। কিন্তু নানা ব্যস্ততার কারণে ক্যামেরা ওপেন হয়নি। তবে শিগগিরই শুটিং শুরু হবে। এরই মধ্যে নেয়ামুলের সঙ্গে গল্প নিয়ে বসেছি। গল্পটাকে আরও একটু ডেভেলপ করে তারপর শুটিংয়ে যেতে চাই আমরা।
এ বিউটিফুল লাই শুরুতে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করেছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। পরবর্তী সময়ে গল্পের পরিসর ও সম্ভাবনা বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আসে।
সিনেমার গল্প প্রসঙ্গে মৌসুমী বলেন, এ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের থ্রিলারধর্মী গল্প— যা কিছু ঘটছে, একটা পুরো মিথ্যার ওপর। কিন্তু তারপরও ভালো লাগছে সেই মুহূর্তটাকে। যে কারণে গল্পটার নাম দেওয়া হয়েছে এ বিউটিফুল লাই। কিন্তু এটি আসলে টেলিফিল্ম হবে নাকি সিনেমা হবে, সেটি এখনও চূড়ান্ত নয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আশা করছি, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক। আর নেয়ামুল তো ভালো কাজ করে। নির্মাণে যত্ন নেয়। তার জন্যও শুভকামনা রইল।
প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। সেখানে বিভিন্ন সময় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমায় অভিনয় করেছিলেন মৌসুমী। সিনেমাটি মুক্তির সময় পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনেত্রী ও তার স্বামী অভিনেতা ওমর সানীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
মৌসুমী ও ওমর সানী পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তোলেন। তাদের দাবি ছিল, নাটক নির্মাণের কথা বলে মৌসুমীকে কন্ট্রাক্ট ম্যারেজ প্রকল্পে যুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই নাটককেই সিনেমায় রূপান্তর করা হয় বলে অভিযোগ করেন মৌসুমী-ওমর সানী।
এদিকে কন্ট্রাক্ট ম্যারেজের শিল্পী জেবা জান্নাতের অভিযোগের ভিত্তিতে সিনেমাটির সেন্সর সার্টিফিকেশন আটকে দেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তবে মুক্তির পর দর্শক টানতে পারেনি কন্ট্রাক্ট ম্যারেজ। সেই বিতর্ক ও নানা আলোচনা-সমালোচনার পর এবার নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর সামনে এলো মৌসুমীর।
সময়ের আলো/প্রিন্ট/টিকে