মুক্তির আগেই আলোচনায় ডিজনি প্লাসের আসন্ন কোরিয়ান সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। এটি মুক্তি পাবে নভেম্বরে। সম্প্রতি এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে টিজারটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। কোরিয়ার পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের কাছেও সিরিজটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
জনপ্রিয় ওয়েব উপন্যাস ও ওয়েবটুন অবলম্বনে নির্মিত হচ্ছে সিরিজটি। এর গল্প পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়েরকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করেছেন শিন মিন-আ। তার স্বামী সম্রাট সোভিয়েশুরের চরিত্রে রয়েছেন জু জি-হুন। সম্রাটের জীবনে রাস্তা নামের এক পালিয়ে আসা দাসী প্রবেশ করলে বদলে যায় নাভিয়েরের দাম্পত্য জীবন। একপর্যায়ে সম্রাট নাভিয়েরকে বিয়েবিচ্ছেদের প্রস্তাব দেন। নাভিয়ের রাজি হন, তবে শর্ত দেন— বিয়েবিচ্ছেদের পর তিনি পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করতে পারবেন। এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রেম, ক্ষমতার দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা, সামাজিক মর্যাদা ও প্রতিশোধের গল্প। হেইনরির চরিত্রে অভিনয় করেছেন লি জং-সক।
শুধু গল্প নয়, সিরিজটির নির্মাণশৈলীও দর্শকদের নজর কেড়েছে। রাজপ্রাসাদের বিশাল সেট, জমকালো পোশাক ও প্রধান চরিত্রগুলোর উপস্থিতি— সব মিলিয়ে টিজারে ফুটে উঠেছে সিরিজের ব্যাপ্তি ও আবহ। অল্প সময়ের টিজারেই নাভিয়ের, সোভিয়েশুর ও হেইনরির মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত মিলেছে।
ডিজনি প্লাসের জন্যও সিরিজটির সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ‘মুভিং’, ‘বিগ বেট’ ও ‘দ্য কিলারস শপিং লিস্ট’-এর মতো কোরিয়ান মৌলিক সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে প্ল্যাটফর্মটি।
সময়ের আলো/প্রিন্ট/টিকে