ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদরাসার তিন আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক শিক্ষার্থী তার দাদার কাছে নির্যাতনের কথা জানালে বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ স্বজনরা সন্ধ্যায় মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
আবুল বাশার কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে কয়েক দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধও উদ্ধার করা হয়েছে। পরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ধর্ষণের মামলা করলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘আমার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, যা কোনো অভিভাবকের মেনে নেওয়া সম্ভব না। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে তাকে মাদরাসা থেকে বাড়িতে নিয়ে এসেছি। আমরা শিক্ষক আবুল বাশারের বিচার চাই।’
কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান জানান, অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/এমকে