ডেঙ্গুতে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বকুলের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাইয়্যেদুল ইসলাম।
ছাত্রজীবনে মনিরুল ইসলাম বকুল নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। কর্মজীবনের দীর্ঘ সময় একটি মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সাইয়্যেদুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইলে তার বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মনিরুল ইসলাম বকুলের মৃত্যুতে নোয়াখালীর রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, মনিরুল ইসলাম বকুল ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দ্বীনের খেদমত, সমাজসেবা ও মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সময়ের আলো/এমকে