বাংলাদেশের সার্কাস অঙ্গনের কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস আর নেই। স্ট্রোকজনিত কারণে টানা তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত ১৬ আগস্ট ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার প্রয়াণে আগামী ৯ সেপ্টেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কালিবাজারে নিজ বাসভবনে বিশেষ প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী অনুষ্ঠান শেষে শুভানুধ্যায়ী, ভক্ত ও স্বজনদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে।
দীর্ঘ কর্মজীবনে নিমাই দাস ছিলেন দেশের সার্কাস জগতের অন্যতম উজ্জ্বল নাম। তাঁর শ্বাসরুদ্ধকর সাইকেল চালনা ও শারীরিক কসরত দেখতে একসময় সার্কাসের প্যান্ডেলে হাজারো মানুষের ভিড় জমত। তিনি ‘দ্য রয়েল বেঙ্গল সার্কাস’, ‘রওশন সার্কাস’ ও ‘পপুলার সার্কাস’-এর প্রধান আকর্ষণ ছিলেন।
জীবদ্দশায় বড় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলেও সাধারণ মানুষের ভালোবাসাই ছিল তাঁর সবচেয়ে বড় অর্জন। সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের মতে, দেশের সার্কাস শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই প্রচারবিমুখ শিল্পীর অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা উচিত ছিল।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে ৯ সেপ্টেম্বরের স্মরণসভায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সময়ের আলো/এসএকে