বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নরমালাইজেশন কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। সংশ্লিষ্ট সূত্র স্টেডিয়ামকে বিষয়টি নিশ্চিত করেছে।
ক্রিকেট প্রশাসনে কোনো দেশের বোর্ডের বৈধতা, সুশাসন কিংবা স্বীকৃতি নিয়ে প্রশ্ন উঠলে সেসব বিষয় দেখভালের দায়িত্ব থাকে এই কমিটির ওপর। তামিমের এই নিয়োগের ফলে আইসিসির গুরুত্বপূর্ণ গভর্ন্যান্স-সংক্রান্ত কমিটিতে জায়গা পেল বাংলাদেশ।
আইসিসির নরমালাইজেশন কমিটিই নির্ধারণ করে কোনো দেশের ক্রিকেট বোর্ড বৈধ নাকি অবৈধ। এর আগে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন তামিম ইকবাল। ফলে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে আইসিসির গুরুত্বপূর্ণ দুটি কমিটিতে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
এ দিকে বিগ ব্যাশে একাধিক দলের আগ্রহ থাকলেও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে নাহিদ রানার খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। বাংলাদেশি এই পেসারকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ মেলবোর্নভিত্তিক একটি দল। তবে আন্তর্জাতিক ব্যস্ততা ও নাহিদের সাম্প্রতিক চোট বিবেচনায় তাকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র।
আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মাঠে গড়ানোর কথা বিগ ব্যাশের আসন্ন মৌসুম। সেখানে নাহিদকে নিয়ে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহের খবর সামনে এলেও এখন পর্যন্ত এনওসির জন্য বিসিবির কাছে কোনো আনুষ্ঠানিক আবেদন করেননি এই পেসার।
তবে বিসিবির এক কর্মকর্তা বলেন, নাহিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন পেলে বিষয়টি বিবেচনা করবে বিসিবি। যদিও আন্তর্জাতিক ব্যস্ততা বিবেচনায় নাহিদের এনওসি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
নাহিদের সাম্প্রতিক চোটও বিসিবির ভাবনায় রয়েছে। গ্রেড-২ সাইড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি ২৩ বছর বয়সি এই পেসার। চলতি সপ্তাহের শুরুতে আবার বোলিংয়ে ফিরেছেন তিনি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি