কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘আলেয়া’। এতে স্বয়ং জাতীয় কবি অভিনয় করতেন। বাঁশরী নজরুল চর্চা কেন্দ্র প্রযোজিত এবং গোলাম সারোয়ার নির্দেশিত নাটকটি ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। ঢাকা নাট্যোৎসবে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আজ সন্ধ্যা ৭টায় নাটকের বিশেষ মঞ্চায়ন হবে।
নির্দেশক জানান, ‘যে নাটকে স্বয়ং নজরুল অভিনয় করতেন, সেটি মঞ্চে আনতে পারা বেশ আনন্দের এবং একই সঙ্গে চ্যালেঞ্জেরও। ‘আলেয়া’ প্রতীকী গীতিনাট্য হিসেবে রচিত হয়েছে। গানগুলো খুব ইঙ্গিতবহ। কিন্তু আমাদের সীমাবদ্ধতাকে মাথায় রেখে নাটকের রূপারূপে কিছুটা রূপান্তরের সুবিধা নিয়েছি। ঢাকা নাট্যোৎসবে ‘আলেয়া’ দর্শকহৃদয়ে আলো ফেলবে বলে আমাদের বিশ্বাস। ‘আলেয়া’ নাটকটি গড়ে উঠেছে রাজা মীনকেতু ও অপরাপর রাজ্যের রানী জয়ন্তীকে ঘিরে।
মীনকেতু চায় রাজ্য ও হৃদয় জয় করতে, অপরদিকে জয়ন্তীর চাওয়া রাজার রাজ্য ও হৃদয় জয় করা। নাটকের তিনটি প্রধান নারী চরিত্রের চন্দ্রিকা চিরকালের ব্যর্থ প্রেমিকা, জয়ন্তী তেজীয়ান রানী শক্তির প্রতীক আর চিরকালের কুসুম পেলব প্রাণচঞ্চল নারী কৃষ্ণা রাজা মীনকেতুর প্রধান মন্ত্রদাতা। নারীর ক্ষমতায়নের সমান্তরালে যুদ্ধ নয়, অস্ত্র নয়, হিংসা বিদ্বেষ নয়, প্রেমই শেষ পর্যন্ত জয়ী হয় নাটকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রমিজ রাজু, শারমীন সঞ্জিদা খানম, এ কে আজাদ সেতু, সৈয়দা শামছি আরা, দীপু মাহমুদ, মোনালিসা, মো. ফখরুজ্জামান চৌধুরী, রাজিব রেজা, মামুন, বাবু, প্রজ্ঞা, সানজানাসহ অনেকে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি