ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার রেলস্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্টেশন মাস্টার আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত। তবে, তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ হস্তান্তরসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, ‘যশোর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।’
সময়ের আলো/মহু