নড়াইলের তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার তুলারামপুর ব্যাতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি রাসেল সারোয়ার জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তুলারামপুর এলাকায় পৌঁছালে রেল লাইনের উপর অবস্থান করা অজ্ঞাতনামা ব্যক্তি কাটা পড়েন। এতে দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’
ওই ব্যক্তির খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা জানান, নিহতের পরিচয় পাওয়ার জন্য আশপাশের এলাকায় বার্তা পাঠানো হয়েছে এবং পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/মহু