পঞ্চগড় সদর উপজেলায় দাদুর অটোভ্যানের নিচে চাপা পড়ে সায়ান নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দামুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়ান দামুপাড়া গ্রামের সিদ্দিকুরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে সায়ানের দাদু মোবারক আলী নিজ বাড়ির ঘর থেকে তার ব্যাটারিচালিত অটোভ্যানটি বের করছিলেন। এ সময় শিশু সায়ান সবার অগোচরে ভ্যানটির পেছনে গিয়ে দাঁড়ায়। মোবারক আলী বিষয়টি খেয়াল না করে ভ্যানটি পেছনের দিকে (ব্যাক গিয়ার) নিতে গেলে সায়ান সজোরে ধাক্কা খেয়ে চাকার নিচে পিষ্ট হয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে ভ্যান বের করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/জোই