প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ৭:৫৬ পিএম
সাইফুল হক। ছবি : সময়ের আলো দেশে দ্রুত জ্বালানি সংকট সহনীয় মাত্রায় নামিয়ে আনতে না পারলে সরকারের ভালো অর্জনগুলোও নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক। বর্তমানে দেশে বিদ্যুৎ ও গ্যাস নিয়ে মানুষ নানা ভোগান্তিতে পড়েছেন, যা সরকারের প্রতি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে জানান তিনি।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক জানান, সারাদেশে ইউরিয়া সারের তীব্র সংকট থাকায় চলতি আমন মৌসুমে কৃষকরা তাদের জমিতে প্রয়োজনীয় পরিমাণ সার প্রয়োগ করতে পারছেন না। এর ফলে আমন চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও সারের এই ত্রিমুখী সংকট একসঙ্গে মোকাবিলা করা না গেলে তা কৃষি অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে সাইফুল হক রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাত্র সাত মাসের মধ্যে সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা কেন কমে যাচ্ছে, সরকারকে সেটি ঠাণ্ডা মাথায় বিশ্লেষণ করার পরামর্শ দেন।
সময়ের আলো/এনএন