সিলেটে কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে টেনেহিঁচড়ে নির্যাতন, আটক ৩

সারাদেশ

সিলেট নগরীতে চুরির অপবাদে ১৬ বছরের এক কিশোরীর কোমরে লোহার শিকল বেঁধে সড়কে টেনেহিঁচড়ে ঘোরানোর অমানবিক ঘটনা ঘটেছে। এই ঘটনার

2026-09-09T21:38:51+00:00
2026-09-09T21:38:51+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে টেনেহিঁচড়ে নির্যাতন, আটক ৩
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট নগরীতে চুরির অপবাদে ১৬ বছরের এক কিশোরীর কোমরে লোহার শিকল বেঁধে সড়কে টেনেহিঁচড়ে ঘোরানোর অমানবিক ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে।

আটকরা হলেন, মো. জাকির হোসেন (৪৩), শাহজালাল উপশহরের সি ব্লকের ৫১ নম্বর এলাকার বাসিন্দা, মো. মোজাক্কির হোসেন (৪০) , মো. বোরহান উদ্দিন (৪৫)।

Advertisement
শাহপরাণ থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপশহরের ডি ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশ বাক্স চুরির চেষ্টার অভিযোগে কয়েকজন ব্যবসায়ী ওই কিশোরীকে আটক করেন। এরপর আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে তাকে চড়-থাপ্পড় ও মারধর করা হয়। একপর্যায়ে তার কোমরে ভারী লোহার শিকল বেঁধে প্রকাশ্যে সড়কে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিশোরীটি কাঁদতে কাঁদতে তাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার আকুতি জানাচ্ছে। এ সময় আশপাশে উৎসুক মানুষের ভিড় থাকলেও কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেননি। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) আইনের ৮৯ ধারায় আদালতে সোপর্দ করা হয়। তবে কিশোরীর বিরুদ্ধে চুরির অভিযোগে ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।


আইনজীবী ও মানবাধিকারকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, চুরির অভিযোগ প্রমাণসাপেক্ষ বিষয়। কোনো অপরাধের অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শারীরিকভাবে নির্যাতন বা জনসমক্ষে শিকল বেঁধে ঘোরানোর কোনো সুযোগ নেই।

সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন আহমদ শিপন জানান, ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী কোনো সাধারণ নাগরিক অপরাধীকে আটক করতে পারলেও অবিলম্বে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। মানবাধিকারকর্মী আইনজীবী আব্দুল্লাহআল হেলাল বলেন, ঘটনাটি সভ্য সমাজের মুখে চুনকালি দিয়েছে। একজন কিশোরীকে জনসমক্ষে এভাবে অপমান ও নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, ঘটনার সময় শিকল বেঁধে কিশোরীকে ঘোরানোর বিষয়টি পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। পরে ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া ও কিশোরী নির্যাতনের এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিলেট  কিশোরী  কোমরে শিকল  সড়ক  টেনেহিঁচড়ে  নির্যাতন  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: