১১ দিনে দুই হত্যা, ডাকাতি-চুরিতে নিরাপত্তাহীন সাতকানিয়া

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় একের পর এক হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের সহিংসতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মাত্র ১১

2026-09-10T14:58:41+00:00
2026-09-10T15:00:09+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
১১ দিনে দুই হত্যা, ডাকাতি-চুরিতে নিরাপত্তাহীন সাতকানিয়া
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ পিএম 
সাতকানিয়া থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ায় একের পর এক হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের সহিংসতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মাত্র ১১ দিনের ব্যবধানে দুটি নৃশংস হত্যাকাণ্ড, দুই সাংবাদিকের বাড়িতে চুরি ও ডাকাতি এবং বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধীদের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। 

সবশেষ বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার এক সাংবাদিকের বাড়িতে ডাকাতির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময়ের কণ্ঠস্বরের সাংবাদিক মো. জাহেদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ৮ থেকে ১০ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পুরো পরিবারকে জিম্মি করে ফেলে এবং হাত-পা বেঁধে মারধর করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। 

এর কয়েকদিন আগে সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের সাংবাদিক শহীদুল ইসলাম বাবরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যায়।

এদিকে, মঙ্গলবার রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন তাহমিদুল হাসান হামীম (১৯)। 


স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ছদাহা ইউনিয়নের হাসমত আলী সিকদার দোকান সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। গত এক থেকে দুবছরে সেখানে মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করেই কয়েকটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। এসব গ্যাংয়ের সদস্যরা আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে, ৩০ আগস্ট রাতে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় এলাকায় জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদ (৩৫) নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় আহত হন তার বন্ধু ওয়াহিদ। 

মাদক ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা কিশোর গ্যাংগুলো দিন দিন আরও সংঘবদ্ধ হচ্ছে। সন্ধ্যার পর বিশেষ করে কেরানীহাট, ছদাহা, পুরানগড়, হাসমত আলী সিকদার দোকানসংলগ্ন এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন।

সাংবাদিক শহীদুল ইসলাম বাবর বলেন, ‘কেরানীহাট এলাকায় সন্ধ্যার পর কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে চলাফেরা করেন। প্রশাসনের আরও কঠোর ও দৃশ্যমান ভূমিকা প্রয়োজন।’

একের পর এক হত্যাকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাদের অভিযোগ, অপরাধীদের একটি অংশ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে।

এদিকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাম্প্রতিক হত্যাকাণ্ড ও অপরাধের ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি অপরাধী, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 

শাহজাহান চৌধুরী বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক ও ধর্মীয় নেতাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। গত কয়েক সপ্তাহে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   সাতকানিয়া  হত্যা  ডাকাতি  চুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: