স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর নতুন দ্বৈরথ!

খেলা

একজন ছিলেন বার্সেলোনার প্রাণভোমরা, অন্যজন রিয়াল মাদ্রিদের গোলমেশিন। প্রায় এক দশক ধরে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাদের লড়াই মানেই

2026-09-11T13:55:21+00:00
2026-09-11T13:55:21+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর নতুন দ্বৈরথ!
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
একজন ছিলেন বার্সেলোনার প্রাণভোমরা, অন্যজন রিয়াল মাদ্রিদের গোলমেশিন। প্রায় এক দশক ধরে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তাদের লড়াই মানেই ছিল ফুটবলপ্রেমীদের জন্য আলাদা উত্তেজনা। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সেই দ্বৈরথ এখন আর মাঠে নেই। তবে স্প্যানিশ ফুটবলের সঙ্গে তাদের সম্পর্ক যেন নতুন এক অধ্যায়ে ঢুকছে—এবার খেলোয়াড় হিসেবে নয়, বিনিয়োগকারী হিসেবে।

মেসির স্প্যানিশ ক্লাব এলদেন্সে বিনিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তবে মেসির বিনিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় বলেও জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের তেবাস বলেন, সংবাদমাধ্যম থেকেই তিনি মেসির এলদেন্সে বিনিয়োগের খবরটি জেনেছেন। মেসি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করছেন, নাকি কোনো বিনিয়োগকারী গোষ্ঠীর মাধ্যমে ক্লাবটির সঙ্গে যুক্ত হচ্ছেন, সে বিষয়েও নিশ্চিত নন তিনি।

অনিশ্চয়তা থাকলেও সম্ভাব্য এই বিনিয়োগকে ইতিবাচকভাবেই দেখছেন লা লিগা সভাপতি। কারণ একই সময়ে স্প্যানিশ ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন ফুটবল ইতিহাসের দুই মহাতারকা।

রোনালদো ইতিমধ্যেই স্প্যানিশ ফুটবলে মালিক হিসেবে নিজের উপস্থিতি তৈরি করেছেন। আলমেরিয়ার মালিকানার সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে তেবাস বলেন, সাম্প্রতিক সময়ের বিশ্বের সেরা দুই ফুটবলার নিজেদের অর্থ স্প্যানিশ ফুটবলে বিনিয়োগ করছেন—এটি স্প্যানিশ ফুটবলের জন্য সম্মানের বিষয়। তার মতে, এই বিনিয়োগ দেশটির ফুটবলকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করব।


মজার ব্যাপার হলো, স্পেনে মেসি ও রোনালদোর গল্পটা শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্নভাবে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁরা ছিলেন একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। লা লিগার এল ক্লাসিকোতে তাদের মুখোমুখি লড়াই ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে।

মেসি বার্সেলোনায় কাটিয়েছেন দীর্ঘ ১৭ মৌসুম। ২০২১ সালের আগস্টে ক্লাবটির আর্থিক সংকটের কারণে তাকে বিদায় নিতে হয়। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা।

অন্যদিকে রোনালদো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন। মাদ্রিদে থাকাকালে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন পর্তুগিজ তারকা। রিয়ালের হয়ে জিতেছেন ১৩টি শিরোপা, যার মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগ। জাতীয় দলের হয়েও ইউরো জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

দুই তারকার মাঠের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপ্তিও ছিল অবিশ্বাস্য। ক্লাব ও জাতীয় দলের হয়ে সম্মিলিতভাবে ৮১টি শিরোপা জিতেছেন মেসি ও রোনালদো। ৯০০-এর বেশি গোল করা একমাত্র দুই ফুটবলারও তারা।

একসময় স্প্যানিশ ফুটবলের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা মেসি ও রোনালদো এখন সেই ফুটবলেই বিনিয়োগের মাধ্যমে নতুন ভূমিকা নিতে পারেন। একজনের বিনিয়োগের খবর এখনো নিশ্চিত নয়, অন্যজন ইতিমধ্যেই মালিকানার সঙ্গে যুক্ত। তবে তাঁদের সম্ভাব্য এই নতুন অধ্যায় স্প্যানিশ ফুটবলের জন্য যে আলাদা মাত্রা তৈরি করছে, তাতে সন্দেহ নেই।

যে দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা একসময় লা লিগাকে বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে রেখেছিল, সময়ের সঙ্গে তাদের ভূমিকা বদলেছে। মাঠের সেই দ্বৈরথ হয়তো আর ফিরবে না। কিন্তু স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর গল্প যে এখনো শেষ হয়নি, নতুন বিনিয়োগের খবর সেটিই মনে করিয়ে দিচ্ছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   স্প্যানিশ  ফুটবল  মেসি-রোনালদো  নতুন  দ্বৈরথ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: