জার্মানির জৌলুস ফেরাতে ক্লপের প্রথম কৌশল সম্পর্ক ও বিশ্বাস

ক্রীড়া ডেস্ক

খেলা

একসময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ছিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জেতার পর থেকেই যেন হারিয়েছে সেই

2026-09-10T23:41:43+00:00
2026-09-10T23:41:43+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
জার্মানির জৌলুস ফেরাতে ক্লপের প্রথম কৌশল সম্পর্ক ও বিশ্বাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
একসময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ছিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জেতার পর থেকেই যেন হারিয়েছে সেই পুরোনো জৌলুস। এরপর একের পর এক ব্যর্থতা। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়, আর ২০২৬ বিশ্বকাপেও শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২ পেরোতে পারেনি তারা।

জার্মান ফুটবলের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতেই নতুন দায়িত্ব পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তবে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে প্রথম ম্যাচের অপেক্ষায় বসে নেই তিনি। বরং মাঠে নামার আগেই শুরু করে দিয়েছেন পুনর্গঠনের কাজ। তার প্রথম পদক্ষেপ—জার্মান ফুটবলের ভেতরের মানুষদের আরও কাছ থেকে জানা এবং ক্লাব ও জাতীয় দলের মধ্যে সম্পর্ক আরও শক্ত করা।

বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক এই কোচ দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে বেড়াচ্ছেন বুন্দেসলিগার বিভিন্ন ক্লাবে। খেলোয়াড়দের দেখার পাশাপাশি ক্লাব কোচদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।

জার্মান ফুটবল ফেডারেশন জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর একাধিক বুন্দেসলিগা কোচের সঙ্গে যোগাযোগ করেছেন ক্লপ। এরপর সরাসরি ক্লাবগুলোর অনুশীলনে গিয়ে দলের কাজের ধরন পর্যবেক্ষণ শুরু করেন। এরই মধ্যে বায়ার্ন মিউনিখ, ভিএফবি স্টুটগার্ট, এফসি অগসবুর্গ, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও মাইনৎসের অনুশীলন দেখেছেন তিনি।

বায়ার্ন মিউনিখের অনুশীলনে গিয়ে কোচ ভিনসেন্ট কম্পানির সঙ্গে কথা বলেছেন ক্লপ। মাইনৎসেও পুরোনো ক্লাবটির অনুশীলন দেখার পাশাপাশি কোচ উর্স ফিশার ও খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

অবশ্য ক্লপের ফুটবল-জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি বরুসিয়া ডর্টমুন্ডে এখনো যাননি তিনি। ক্লাবটির সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও সেখানকার পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানেন বলেই হয়তো আপাতত ডর্টমুন্ডকে আলাদা করে দেখার প্রয়োজন মনে করেননি।


ক্লাব সফরের পেছনে ক্লপের পরিকল্পনাটাও পরিষ্কার। জাতীয় দলের কোচ হিসেবে খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সময় খুবই সীমিত। ক্লাব ফুটবলে একজন কোচ প্রতিদিন খেলোয়াড়দের সঙ্গে কাজ করে কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারেন। জাতীয় দলে সেই সুযোগ নেই। তাই ক্লাব পর্যায়েই খেলোয়াড়দের কাছ থেকে যতটা সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করছেন তিনি।

ক্লপ নিজেই বলেছেন, খেলোয়াড়দের পাশাপাশি ভবিষ্যতে ক্লাব কোচদের সঙ্গেও কাজ করতে চান তিনি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোচদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি করা। ক্লাব কোচ হিসেবে তিনি নিজে যে ধরনের সহযোগিতা প্রত্যাশা করতেন, এখন জাতীয় দলের কোচ হিসেবে সেটিই অন্যদের দিতে চান।

এই সম্পর্কের জায়গাটিকেই জার্মান ফুটবলের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন ক্লপ। তার লক্ষ্য শুধু জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে কয়েক সপ্তাহের জন্য খেলোয়াড়দের পাওয়া নয়; বরং সারা মৌসুমজুড়ে ক্লাবগুলোতে তাদের বিকাশ, কাজের ধরন, মানসিকতা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা রাখা।

কোন খেলোয়াড় কীভাবে কাজ করেন, কী তাকে অনুপ্রাণিত করে, তার ব্যক্তিগত লক্ষ্য কী—এসব বিষয় দ্রুত বোঝার চেষ্টা করছেন ক্লপ। জাতীয় দলের কোচ হিসেবে সীমিত সময়ের মধ্যে খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চটা বের করে আনতে এই প্রস্তুতিকেই তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন।

২০২৬ বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর এখনো মাঠে নামেনি জার্মানি। আগামী ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করবেন ক্লপ। এরপর ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানি অধ্যায়।

তবে সেই ম্যাচের অনেক আগেই নিজের কাজ শুরু করে দিয়েছেন ক্লপ। তাঁর পুনর্জাগরণ পরিকল্পনার শুরুটা হচ্ছে বড় কোনো কৌশলগত পরিবর্তন দিয়ে নয়, বরং সম্পর্ক, বিশ্বাস ও সহযোগিতার ভিত্তি তৈরির মাধ্যমে। জার্মানির হারানো জৌলুস ফিরিয়ে আনার পথে সেটিই হয়তো হতে যাচ্ছে ক্লপের প্রথম পরীক্ষা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   জার্মান  জৌলুস  ক্লপ  প্রথম  কৌশল  সম্পর্ক  বিশ্বাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: