এবার ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচনের

2026-09-10T23:27:58+00:00
2026-09-10T23:27:58+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এবার ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম 
ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য ইনফান্তিনোর প্রার্থিতাকে শুরুতে সমর্থন করলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে ফ্রান্স।

ফিফার টুর্নামেন্টগুলো তদারকির জন্য গঠিত একটি উদ্যোগে বেসরকারি বিনিয়োগকারী যুক্ত করার প্রস্তাব নিয়ে সাম্প্রতিক সময়ে চাপে ছিলেন ইনফান্তিনো। তিনটি মহাদেশীয় কনফেডারেশন ওই প্রস্তাবের বিরোধিতা করায় শেষ পর্যন্ত সেটি বাতিল করতে বাধ্য হন ফিফা সভাপতি।

এর আগে ইউরোপের কয়েকটি সদস্যদেশ ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছিল। সেই তালিকায় ছিল ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ফুটবল ফেডারেশন। এবার তাদের সঙ্গে যোগ হলো ফ্রান্সও। ২০১৮ সালে বিশ্বকাপ জেতা ফ্রান্স চার বছর পর আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এফএফএফ বলেছে, ‘শুরুতে ফিফা সভাপতিকে সমর্থন দেওয়া হয়েছিল। তখন তিনি নিজের উত্তরসূরি হওয়ার নির্বাচনে একমাত্র প্রার্থী ছিলেন। কিন্তু এখন সেই সমর্থন দেওয়ার শর্তগুলো আর পূরণ হচ্ছে না।’


বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৯ জুন এফএফএফ ইনফান্তিনোকে সমর্থন জানানোর পর ফিফার শাসনব্যবস্থা ও সভাপতিকে ঘিরে একাধিক ঘটনা ঘটেছে, যা সুশাসনের মৌলিক নীতি ও ফুটবলের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার প্রস্তাবটি শেষ পর্যন্ত উয়েফা ও অন্যান্য কয়েকটি কনফেডারেশনের সম্মিলিত অবস্থানের কারণে বাতিল হয়েছে বলেও উল্লেখ করেছে ফরাসি ফেডারেশন। তবে তাদের মতে, এতে ফিফার শাসনব্যবস্থার প্রশ্নটির সমাধান হয়নি।

এফএফএফের বিবৃতিতে বলা হয়েছে, ফিফা সভাপতির সাম্প্রতিক কিছু উদ্যোগ বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ও ঐক্যকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রেক্ষাপটেই ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।

সমালোচনা ও চাপ বাড়লেও ইনফান্তিনো এখনো নির্বাচনের একমাত্র ঘোষিত প্রার্থী। গত রোববার ফিফার এক মুখপাত্রও জানিয়েছেন, আবার সভাপতি পদে লড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেননি সুইস এই কর্মকর্তা।

তবে ইনফান্তিনোর বিকল্প প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর প্রার্থী মনোনয়নের সময়সীমার আগে ভোট দেওয়া সদস্য ফেডারেশনগুলোর বিবেচনার জন্য একটি ‘বিশ্বাসযোগ্য’ বিকল্প প্রার্থী সামনে আনার চেষ্টা করবে তারা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইনফান্তিনো  সমর্থন  প্রত্যাহার  ফ্রান্স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: