প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম আপডেট: ১১.০৯.২০২৬ ৯:১৯ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সময়ের আলো আওয়ামী লীগ ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। জামায়াতের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ভারতের একের পর এক অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না।
রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এই সংকট উত্তরণে সরকারের পাশাপাশি বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু আমরা দেখছি বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লংমার্চ করছে। লংমার্চ করে কি ধরনের সমস্যার সমাধান হবে?
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খান বলেন, এই জামায়াত স্বার্থের জন্য তার শত্রুদের সঙ্গে আঁতাত করতে পারে। ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না। কিন্তু এই একই অনুরোধ যদি ভারত জামায়াতের আমিরকে করত, তাহলে এতদিনে জামায়াত আমির থাকতেন দিল্লিতে।
বিরোধী দলের লংমার্চের সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জামায়াতসহ বিরোধীদল চট্টগ্রামে লংমার্চ করেছে। এখন তারা আবার রংপুরের উদ্দেশ্যে লংমার্চ করবে বলে ঘোষণা দিয়েছে। জামায়াতের এই লংমার্চ ও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণা দেশকে অশান্ত করার একটি অপচেষ্টা। জনগণকে বলব, আপনারা সতর্ক থাকুন। এই জামায়াতের চরিত্র সম্পর্কে জানুন।
সময়ের আলো/এনএন