মাউন্ট এলব্রুসে যাচ্ছেন শাকিল

ক্রীড়া ডেস্ক

খেলা

ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের লক্ষ্য নিয়ে রাশিয়ার উদ্দেশে যাত্রা করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ

2026-09-11T23:31:34+00:00
2026-09-11T23:31:34+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মাউন্ট এলব্রুসে যাচ্ছেন শাকিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয়ের লক্ষ্য নিয়ে রাশিয়ার উদ্দেশে যাত্রা করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ নামে এই অভিযানে বাংলাদেশের পতাকা নিয়ে এলব্রুসের চূড়ায় ওঠার চেষ্টা করবেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে রাশিয়ান হাউসে এ উপলক্ষে সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাকিলের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়। এ সময় তিনি অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন।

শাকিল বলেন, প্রতিটি অভিযানই তাঁর কাছে চ্যালেঞ্জের। এলব্রুসের উচ্চতা নিয়ে উদ্বেগ না থাকলেও পর্বতটির আচরণ নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। তাই অভিযানের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি। এ জন্য সবার দোয়া চান এই পর্বতারোহী।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিল। সেখানে প্রায় ১৫ দিনের অভিযানে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণের চেষ্টা করবেন তিনি। এই অভিযানের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা তুলে ধরতে চান শাকিল।

অনুষ্ঠানে রাশিয়ান হাউসের পরিচালক অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে বলেন, ভৌগোলিক দূরত্ব থাকলেও বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতির সম্পর্ক রয়েছে। বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযানের অংশ হিসেবে শাকিল বাংলাদেশের পতাকা নিয়ে রাশিয়ায় যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়িয়ে শাকিল সুস্থভাবে দেশে ফিরবেন।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যান্টার্কটিকা অভিযাত্রী ও পাখিবিজ্ঞানী ইনাম আল হক, কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম, টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গোরে, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান এবং আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এভারেস্টজয়ী নুরুন্নাহার নিম্মি।

মাউন্ট এলব্রুস ককেশাস পর্বতমালায় অবস্থিত রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার বা ১৮ হাজার ৫১০ ফুট। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি এবং ইউরেশিয়ার সর্বোচ্চ আগ্নেয়গিরি হিসেবেও পরিচিত।

অভিযানটি যৌথভাবে আয়োজন করছে রাশিয়ান হাউস ইন ঢাকা ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এতে পৃষ্ঠপোষকতা করছে টার্কিশ এয়ারলাইনস ও জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মাউন্ট এলব্রুস  শাকিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: