এই সপ্তাহের কবিতা

সাহিত্য

শরৎবিভাস গুহশরৎ এলেই শিশির ঝরেসবুজ ঘাসে,শিশির তো নয়, মুক্তো যেনমিষ্টি হাসে।নীল আকাশে সাদা মেঘেরভাসে ভেলা,নদীর পাড়ে ধবল কাশেরবসে মেলা।পদ্মদীঘির জলে

2026-09-12T02:28:29+00:00
2026-09-12T02:28:29+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য
এই সপ্তাহের কবিতা
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ এএম 
গ্রাফিক : সময়ের আলো
শরৎ
বিভাস গুহ

শরৎ এলেই শিশির ঝরে
সবুজ ঘাসে,
শিশির তো নয়, মুক্তো যেন
মিষ্টি হাসে।

নীল আকাশে সাদা মেঘের
ভাসে ভেলা,
নদীর পাড়ে ধবল কাশের
বসে মেলা।

পদ্মদীঘির জলে শাপলা
শালুক ভাসে,
ছাতিম ফুলের সুবাস হাওয়ায়
ভেসে আসে।

শিউলি বিছায় শুভ্র চাদর
উঠোন জুড়ে,
আগমনি বাজনা বাজে
সুরে সুরে।



বাংলাদেশের শরৎ
জহিরুল হক বিদ্যুৎ

শরৎ এলেই খাল ও বিলে
শাপলা শালুক ফোটে,
নীল আকাশটা জলে নেমে
দেয় যে চুমু ঠোঁটে।

নদীর ধারে হাওয়ার তালে
কাশফুলেরা হাসে,
শিউলি-ঝরা ফুলের চাদর
শিশিরভেজা ঘাসে।

দোয়েল, শালিক, ঘুঘু, বাবুই
এদিক-ওদিক ওড়ে,
মন কেড়ে নেয় মাঝির গানে
ভাটিয়ালির সুরে।

সবুজ ক্ষেতে ধানের শিষের
রোদ-মাখানো হাসি,
বাংলাদেশের শরৎকালের
রূপ যে ভালোবাসি।



শরৎ ও পথিক কবি
বারী সুমন

জলের সাথে রং মেশালো
আকাশের ওই নীল,
নদীর জলে পড়ছে ঝলক,
করছে ঝিলমিল।

নদীর ধারে কাশের বনে
সাদা সাদা ফুল ধরেছে,
উদাস মনে পথিক কবি
গুনগুনিয়ে গান ধরেছে।

তবে কি আজ শরৎ এলো
আমার আঙিনায়?
সাদা মেঘ ভেসে বেড়ায়
আকাশের ওই কোনায় কোনায়।



শরৎ হাসে
রাহেলা আক্তার

শরৎ হাসে কাশের ফুলে,
শিউলি দোলে ডালে দুলে,
মিষ্টি হাওয়ায় চায়;
বৃষ্টি-মেয়ে নূপুর খুলে,
বাউরি বাতাস বায়।

নীল আকাশে মেঘের ভেলা,
শরৎরানি করছে খেলা,
তালপুকুরের ওই—
পূজার গন্ধে মন যে মাতে,
ঢাকঢোল বাজে সই!

শরৎ হাসে ভেলায় ভেসে,
বকের সারি মেঘের দেশে,
বৃষ্টি-মেয়ে চুপ;
দুর্বাঘাসে হেসে হেসে
শিশির ঝরে টুপটুপ।

শরৎ হাসে তালের ঘ্রাণে,
পাখি মাতায় মধুর গানে,
তালের পিঠার ধুম;
মিষ্টি সুবাস জাগায় প্রাণে,
শরৎরানির চুম।



খোকন ভাবে!
শ্যামল বণিক অঞ্জন

একলা বসে খোকন ভাবে—
হতাম যদি পাখি,
গাছের ডালে বসে বসে
করতাম ডাকাডাকি!

উড়ে যেতাম যখন তখন
নীল আকাশের বুকে,
গাছে গাছে পাকা ফলও
খেতাম মনের সুখে!

আরও ভাবে, যদি কভু
ঘুড়িটা সে হতো,
হাওয়ার সাথে উড়ত ভেসে—
দারুণ মজাই হতো!

আবার ভাবে, সুতো ছিঁড়ে
হারিয়ে কোথাও গেলে,
কেমন করে থাকত একা
প্রিয় মাকে ফেলে!



শরতের রূপ
মো. সৈয়দুল ইসলাম

ঋতু যায়, ঋতু আসে,
ছয় ঋতু বারো মাসে,
শরতের দূর্বাঘাসে
শিশিরবিন্দু মুচকি হাসে।

সুরমা নদীর দুই কূলে
দোল দেয় কাশফুলে,
মাঝি যায় পাল তুলে,
মন কাড়ে শিউলি ফুলে।

শরতের নীল আকাশে
সাদা মেঘ ওড়ে বাতাসে,
ভাদ্র আর আশ্বিন মাসে
খালে-বিলে শাপলা হাসে।

শরতের রূপ দেখে
কতজনে কাব্য লেখে,
খোকা-খুকি ছবি এঁকে
হৃদয় মাঝে দেয় রেখে।

  বিষয়:   এই সপ্তাহ  কবিতা 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: