শ্রদ্ধা আর ভালোবাসায় দৈনিক সমকাল পত্রিকার সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় জানালেন সহকর্মীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হয় পুলক চ্যাটার্জির মরদেহ। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়াও সাংবাদিকদের কালোবাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সাংবাদিক পুলক চ্যাটার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, পুলক চ্যাটার্জি একজন মেধাবী ও ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যু সবাইকে কাঁদিয়েছে। তিনি বেঁচে না থাকলেও তার কর্ম তাকে বাঁচিয়ে রাখবে সবার মাঝে। তারা বলেন, পুলক চ্যাটার্জি তার মৃত্যুর আগে যে চিরকুট লিখে গেছে সেখানে সাবেক কর্মস্থলে তার কিছু দেনা পাওনার কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ এগুলো যথাযথভাবে মূল্যায়ন করবে এমন প্রত্যাশা করেন তারা।
পরে বরিশাল প্রেসক্লাব থেকে তার মরদেহ নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুরে পুলক চ্যাটার্জির শেষকৃত্যের জন্য বরিশাল মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে।
এর আগে শুক্রবার বিকেলের পরে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ নগরীর প্যারারা রোডের সমকালের বরিশালের কার্যালয়ে থেকে উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলক চ্যাটার্জী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য পদে ছিলেন।
সময়ের আলো/আতা