সময়ের অন্যতম আলোচিত কণ্ঠশিল্পী দোলা রহমান এবার আসছেন নতুন দ্বৈত গান নিয়ে। ‘প্রেমের হাওয়া’ শিরোনামের এই গানটিতে দলের সঙ্গে আছেন এ প্রজন্মের অন্যতম আলোচিত কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। সালাউদ্দিন সাগরের কথায় এর সুর করেছেন আকরাম খান। সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ। গানটি প্রকাশ হবে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইআর মিউজিকের ইউটিউব চ্যানেলে।
দোলা বলেন, ‘গানটির কথা ও সুর দারুণ হয়েছে। আমার আগের কয়েকটি গানের মতোই এ গানেও শ্রোতারা উপভোগ করার মতো অনেক উপাদান পাবে। গানটির জন্য আশা করছি শ্রোতাদের বেশিদিন অপেক্ষা করতে হবে না এবং তারা এই গানটিও উপভোগ করবেন।’
গানটি নিয়ে মিলন বলেন, ‘প্রথমবারের মতো দোলা আপুর সঙ্গে গাইলাম। একদম ফুল এনার্জেটিক একটি গান। এর মধ্যে দর্শক-শ্রোতারা দোলা আপুর সঙ্গে এ গানে আমাকেও নতুনভাবে দেখবেন।’
প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় ‘আয় আয় চাঁদ মামা’ গান দিয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী দোলার গাওয়া নতুন ডান্স নাম্বার ‘কিসমত’ মুক্তি পেয়েছে বেশ কয়েক দিন আগেই। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ডি রকস্টার নিলয়। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। পাশাপাশি গানটির র্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি। পার্টি মুডের এই গানের ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। এতে দোলা ও নিলয়ও পারফর্ম করেছেন।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে